বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম যৌথান বম (৫২)। তিনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।
জানা গেছে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) -এর সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় যৌথান বমকে একটি অস্ত্রসহ আটক করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

















