মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের সৌদি প্রবাসী একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দেড় বছরের কন্যা শিশু অ্যালিজা।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রবাসী একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর দেড় বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি নিজেও আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছিলেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’


















