মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মো. মিজানুর আকন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়।
এ সময় ওই বসতঘর থেকে মিজানুর আকনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে মিজানুর আকনকে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার মিজানুর আকন মনোহরখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আবদুল মজিদ আকনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) কাওসার আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) সালাউদ্দিন, বিপি-এএসআই (নিঃ) মো. মাসুদ রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় মিজানুর আকনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১২, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬। একই তারিখে মামলাটি জিআর নম্বর-১২৭ হিসেবে নথিভুক্ত করা হয়।
পুলিশের ভাষ্য, মাদকদ্রব্যের বিস্তার রোধে মির্জাগঞ্জ থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মিজানুর আকনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।


















