মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সোহেল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ছনবাড়ি মোড় এলাকায় ছনবাড়ি-ইছাপুরা সড়কের দক্ষিণ পাশে মনির স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল সরদার ফরিদপুরের বোয়ালমারী থানার আন্দারকোটা গ্রামের ফারুক সরদারের ছেলে। তিনি বর্তমানে শ্রীনগরের বালাশুর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় সোহেল সরদারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

















