মোঃ রিয়াজুল হাসান চয়ন, নীলফামারী: সৈয়দপুর- নীলফামারী সড়কের ওয়াপদা মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিফ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াপদা মোড় অতিক্রম করে মোঃ আরিফুল ইসলাম (আরিফ) তার সন্তান সুপ্তি আক্তার(৭)সহ মোটরসাইকেল করে রাস্তা পারাপারের সময় বাসের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাত বছরের মেয়ে সন্তান কানে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়। নিহত আরিফ ওয়াপদা নতুনহাট থেকে পূর্ব লোকালয়ের একজন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ১, ২,৩ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, মোছাঃ সাথি জানান, নিহত ব্যক্তি আমার আত্মীয়, ওয়াপদা মোড়ের সকল অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ওয়াপদা মোড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকা, মোটর শ্রমিকদের বেপরোয়া নীতি ও ওয়াবদা মোড় গোল চক্করের গঠন ঠিক না থাকা এসব দুর্ঘটনার জন্য দায়ী। স্থানীয়রা এ সকল অনিয়মের প্রতিবাদ করে ওয়াপদা মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় রংপুর, দিনাজপুর , ঠাকুরগাঁও নীলফামারী সহ আশপাশের আঞ্চলিক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বেশ কিছুক্ষণ।
এ বিষয়ে জনাব ওহিদুন্নবী,অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


















