নারয়ণগঞ্জ প্রতিনিধি :
লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি বেসরকারি হাসপাতালকে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১ আগস্ট) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন কাচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
ফাইরুজ তাসনীন বলেন, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্যাথলজি ল্যাবেও অব্যবস্থাপনা থাকায় এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিসজ বেসরকারি ও ল্যাবরেটারি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ এর ক,খ,ঘ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে দেড় লাখ টাকা ও মেডিকেয়ার জেনারেল হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা করে মোট দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এ ধরনের অভিযান অব্যবহ থাকবে বলেও জানান ফাইরুজ তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ পুলিশ সদস্যরা।


















