আনিসুর রহমান মোল্লাঃ মায়ের মৃত্যুজনিত মানবিক কারণে কারাবন্দি সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে প্যারোলে মুক্তি দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি
১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে বিএসপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বিএসপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, “চিন্ময় কৃষ্ণ দাস একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতা। গর্ভধারিনী মায়ের মৃত্যুর পর সন্তান হিসেবে শেষ দর্শন ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া তাঁর মৌলিক ও মানবিক অধিকার। এই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা অত্যন্ত হৃদয়বিদারক ও অমানবিক।” সংবাদ সম্মেলন থেকে দ্রুত আইনগত প্রক্রিয়ায় তাঁকে প্যারোলে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএসপি নেতা স্বজন কুমার মিশ্র, প্রসেনজিৎ বাপ্পি, তপন রায় ও পরিতোষ সাহা সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে বিএসপির প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বরাবর একটি স্মারকলিপি প্রদান করতে রওনা হন।


















