অপরাধচিত্র প্রতিনিধি: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ জুলাই শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আশিক শাহআলী থানাধীন তুরাগ সিটির বাসিন্দা সাহাদাত হোসেন বাপ্পির ছেলে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ রায় বেপরোয়া গতিতে চলা হলুদ রঙের একটি নতুন স্পোর্টস কারকে থামার সংকেত দেন।
চালক গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান।
এ সময় চালক ও আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের গাড়ি থেকে নামতে বলা হয়।
একপর্যায়ে চালক হঠাৎ দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিকভাবে গাড়িটির পিছু নেন।
পরে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করা হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ট্রাফিক মিরপুর বিভাগ সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।

















