রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এসএসসি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরাসহ একগুচ্ছ নির্দেশনা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৯, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোসহ একগুচ্ছ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

এ পরীক্ষা আয়োজনে সব পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য শনিবার ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৯ মার্চ) তা প্রকাশ করা হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।

যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, তা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করতে হবে।

প্রতিটি পরীক্ষা কক্ষে ‘কাঁটাওয়ালা’ ঘড়ি টানানোর ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই এ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানরা।

পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করবেন মহিলা শিক্ষক।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টানিয়ে দিতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বোর্ডগুলো ও অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা ‘যথাযথভাবে’ পালন করতে হবে।

নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে অধিদপ্তর।

সর্বশেষ - রাজনীতি