নিজস্ব প্রতিবেদক :
দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মঙ্গলবার (২১ এপ্রিল) ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি।
একইসঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে অসদুপায়ের জন্য প্রথম দিনে ছয় পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এর মধ্যে চারজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের, একজন ঢাকা শিক্ষা বোর্ড ও আরেকজন দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন।
এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। যারমধ্যে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। এতে করে ৯টি বোর্ডে অনুপস্থিতির গড় হার দাঁড়ায় ১ দশমিক ০৫ শতাংশ।
এরমধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ) এবং ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ১৮ শতাংশ)। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিত ১ দশমিক ২১ শতাংশ)।
যশোর বোর্ডে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ (১ হাজার ৪৪১ জন)। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩ জন অনুপস্থিত ছিল (গড় অনুপস্থিতি ০ দশমিক ৯৪ শতাংশ)।


















