Thursday , 26 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাস্তবতা, প্রস্তুতির বিকল্প নেই: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
Newsdesk
June 26, 2025 10:12 pm

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এখন আর কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি এক অবশ্যম্ভাবী বাস্তবতা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর শুক্রাবাদের দৃকপথ ভবনে আয়োজিত ‘ডিসকাশন, বুক লঞ্চিং অ্যান্ড ফটো এক্সিবিশন অন ‘লাইভস অন দ্য এজ অব ক্লাইমেট চেঞ্জ: স্ট্রাগল, হোপ অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের জাতীয় পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। অভিযোজনকেই এখন প্রধান কৌশল হিসেবে গ্রহণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এখন সময়ের দাবি। অথচ উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধে নিজেদের স্বার্থে কোনো ছাড় দিতে রাজি নয়।

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় ৪২টি প্রকল্প গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১০০টি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, যেখানে কৃষকরা বিনামূল্যে ফসল সংরক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলোর জন্য জলবায়ু ফান্ডে আবেদন প্রক্রিয়া সহজ করতে সরকার নীতিগত সহায়তা দেবে। উপকূলীয় জনগণের সুরক্ষায় বেড়িবাঁধ মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে, যা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর চেয়ারপারসন ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে, দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম, উপপ্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ‘লাইভস অন দ্য এজ অব ক্লাইমেট চেঞ্জ: স্ট্রাগল, হোপ অ্যান্ড দ্য ফিউচার’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ফটো এক্সিবিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত