নিজস্ব প্রতিবেদক :
১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।
জানা গেছে, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির লোকজন অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন। প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
দেশের যে ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে সেগুলো হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী এলাকার আওতাধীন কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি; মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়ার টেক বস্তি ও ১৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি; বগুড়া সদর উপজেলার শাখারিয়া, রাজবাড়ীর পাংশা উপজেলার একটি ওয়ার্ড, চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ড, বান্দরবানের লামা উপজেলার একটি ওয়ার্ড, খুলনার খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড, ভোলার চরফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি ওয়ার্ড, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি ওয়ার্ড, নাটোরের লালপুর উপজেলার একটি ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ওয়ার্ড ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ড।















