বুধবার , ৪ মার্চ ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চালকরা ৮ ঘণ্টার জায়গায় ১৪ ঘণ্টা গাড়ি চালানোয় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চালকদের অতিরিক্ত কর্মঘণ্টাকে দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, আইন অনুযায়ী একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালানোর কথা থাকলেও বাস্তবে অনেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্টিয়ারিংয়ে থাকছেন। এই অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।

বুধবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মো. শাহাবুদ্দীন হল রুমে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ-র উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৩৩টি পরিবারকে মোট ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বিআরটিএ চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, সড়কের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল এবং পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, কোনো সড়কের সক্ষমতা ৫০ হাজার যানের হলে সেখানে ২ লাখের বেশি গাড়ি চলছে। এছাড়া স্ক্র্যাপিং নীতিমালা অনুযায়ী পুরনো যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে।

চালকদের দক্ষতা বৃদ্ধিতে কড়াকড়ির কথা জানিয়ে তিনি বলেন, এখন থেকে পেশাদার লাইসেন্স পেতে হলে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হলেই কেবল তারা বিআরটিএ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ৪টি জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৬ জনকে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোণা জেলায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা ও শেরপুর জেলায় ৪ জনকে ২০ লাখ টাকা দেয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম ও শ্রমিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে ঈদ বা উৎসবের সময় সড়কে বাড়তি সতর্কতা প্রয়োজন যাতে কোনো পরিবারের আনন্দ শোকে পরিণত না হয়।

অনুষ্ঠানে বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. জহির, মোটরযান চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি