রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অন্তর্বর্তী সময়ের তথ্য সরাচ্ছে সরকার, অভিযোগ টিআইবির

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য বর্তমান সরকার সরিয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

রোববার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‘অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন ২০০৯–এ প্রয়োজনীয় সংশোধন’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে তথ্য অধিকার ফোরাম।

এ সময় টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি ওয়েবসাইট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের। তারা এটা করতে পারে না। কারণ, কোনো তথ্য ঠিক হোক বা ভুল হোক, কোনো তথ্য রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে-যাই হোক না কেন-নাগরিকদের সব তথ্য জানার অধিকার আছে।’

সরকারি ওয়েবসাইট থেকে এভাবে তথ্য অপসারণের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইফতেখারুজ্জামান।

কী ধরনের তথ্য সরানো হয়েছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত কিছু সিদ্ধান্ত ও তথ্য সরিয়ে ফেলা হয়েছে। ফলে সেগুলো আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

টিআইবি নির্বাহী পরিচালকের আরো অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারও দেড় বছরের শাসনামলেও তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে যোগ্য ও দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবি জানায় তথ্য অধিকার ফোরাম।

 

 

সর্বশেষ - রাজনীতি