নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং তেল ও গ্যাসের বাজারে সৃষ্টি হওয়া অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি আমরা পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’
তিনি আরও জানান, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী সংযোগ এবং পারস্পরিক সহযোগিতা বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে আন্ত সীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইন সক্রিয় রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা সম্ভব, এবং বৈঠকে সেই দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
হাইকমিশনার বলেন, ‘এই ধরনের সহযোগিতা শুধু উভয় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে মজবুত করবে না, বরং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককেও আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আশা প্রকাশ করেছেন যে চিঠিতে উল্লিখিত সহায়তা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

















