নিজস্ব প্রতিবেদক :
দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেজন্য আগামী ৬০ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালগুলোতে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ইউজিসির সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গবেষণায় সহায়তা এবং ডিজিটাল বৈষম্য কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথম ধাপে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে। আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা সুবিধাতেও এই সেবা সম্প্রসারণ করা হবে।
এই কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) সহায়তা করবে।


















