নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। এ বিল পাসের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।
সম্প্রতি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন সংশোধন করা হয়। এই সংশোধন বিলও সেই প্রক্রিয়ার অংশ।
এদিকে বিলটি পাসের সময় ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন। পরে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ খারাপ, কিন্তু ক্ষমতা ধরে রাখতে তাদের করা সব আইন আজ ভালো হয়ে যাচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল। এখন আবার কী বিশেষ পরিস্থিতি তৈরি হলো, জানতে চাই। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হল।
বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।


















