সিলেট প্রতিনিধি :
সিলেট সীমান্তে পৃথক অভিযানে আনুমানিক ১০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, পাথরকোয়ারী, তামাবিল, সোনালীচেলা ও সংগ্রাম বিওপি এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, জিরা, শনপাপড়ী, সাবান ও ফেসওয়াশসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু ও পাথর বহনকারী একটি বাংলাদেশি বারকী নৌকাও আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৬১ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















