Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

১৭৯ উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 11:01 pm

নিজস্ব প্রতিবেদক : 

জনপ্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করেছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি। এ দফায় প্রশাসন ক্যাডারের ২৫তম বিসিএসের কর্মকর্তারাও প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসক (ডিসি)ও রয়েছেন।

১৭২ জনের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থলের পরিবর্তে কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে বদলে গেলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।

এতে আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে তার পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবরা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা (sal@mopa.gov.bd) ই-মেইল ঠিকানায় জমা দিতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথকভাবে ৭ জনের পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৪ সালের ২৪ মার্চ জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় ও বিভাগ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে প্রয়োজনীয় আদেশ জারি করবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। তারা যোগদানের দিন থেকেই নতুন পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য না হওয়া পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সর্বশেষ - রাজনীতি