Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাত জেলায় বন্যা : চার নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 12:45 pm

অপরাধচিত্র প্রতিবেদক : দেশের উত্তর–পূর্ব ও দক্ষিণ–পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে গত দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে।

তা সত্ত্বেও আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই এলাকায় বন্যা পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে ফেনী অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ শনিবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চারটি নদীর ছয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো বান্দরবানে সাঙ্গু নদের বান্দরবান ও দোহাজারী পয়েন্ট; কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট; মৌলভীবাজারে মনু নদ এবং হবিগঞ্জে খোয়াই নদের বল্লা পয়েন্ট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান  বলেন, বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে বন্যা পরিস্থিতি খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। একই সময়ে ফেনী অঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে উদয় রায়হান বলেন, গত দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক কম হয়েছে, যা পরিস্থিতির জন্য ইতিবাচক লক্ষণ। যদি আগামী সোমবার থেকে ভারী বৃষ্টি আরও কমে আসে, তাহলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৩০ মিলিমিটার এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটের জাফলংয়ে।

এদিকে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি নিয়ে এখনো সতর্ক অবস্থান রয়েছে। সরদার উদয় রায়হান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। তবে দেশের প্রধান দুটি নদী গঙ্গা ও যমুনার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। বিশেষ করে যমুনার পানি কমতে শুরু করেছে, যা স্বস্তির খবর।

আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদীর পানি বেড়েছে, ৬৪টিতে কমেছে এবং ৬টিতে অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। এসব নদীর পানি বাড়লে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি আরও বিস্তারের আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link