Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাবির খেলার মাঠে হাঁটুপানি : কৈ মাছ ছেড়ে ক্ষোভ প্রকাশ করলো ডাকসু

প্রতিবেদক
Newsdesk
July 13, 2026 7:20 pm

অপরাধচিত্র ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মাঠ সংস্কারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ থাকার পরও কাজ শুরু না হওয়ায় আজ সোমবার দুপুরে সেখানে জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ ও মাগুর মাছ অবমুক্ত করেন ডাকসুর নেতারা।

ডাকসুর অভিযোগ, বিসিবির বরাদ্দ করা অর্থে মাঠ সংস্কারের উদ্যোগ নেয়া হলেও প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও অবহেলার কারণে প্রকল্পটির কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই কেন্দ্রীয় খেলার মাঠে হাঁটুপানি জমে থাকে এবং দিনের পর দিন সেই পানি নিষ্কাশন না হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানের পানি এক-দুই দিনের মধ্যে নেমে গেলেও কেন্দ্রীয় খেলার মাঠে সপ্তাহের পর সপ্তাহ পানি জমে থাকে।

এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, ডাকসু নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উদ্যোগ ছিল কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার এবং মেয়েদের জিম স্থাপন। উভয় ক্ষেত্রেই বাইরে থেকে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে কাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, বিসিবি থেকে মাঠ সংস্কারের জন্য দুই কোটি টাকা আনার পরও প্রশাসন সেই অর্থ ব্যবহার করছে না।

ডাকসুর সমাজসেবা সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড পুকুরে আজ মাছের পোনা ছাড়লাম। মাছ বড় হলে জাল ফেলে বিক্রি করে সেই টাকা দিয়ে হয়তো মাঠ সংস্কার করা যাবে। ফুলার রোডে ধান আর সেন্ট্রাল ফিল্ডে মাছ। একদম মাছে-ভাতে বাঙালি।

তিনি অভিযোগ করেন, বিসিবির বরাদ্দের অর্থ দিয়ে মাঠ সংস্কার না করার পেছনে প্রশাসনিক অনীহা রয়েছে। ডাকসুর উদ্যোগে কাজ বাস্তবায়িত হলে তার কৃতিত্ব ডাকসু পাবে এ আশঙ্কা থেকেই প্রকল্পটি ঝুলিয়ে রাখা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারব না।

সর্বশেষ - রাজনীতি