নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের সন্তান এবং প্রয়াত আব্দুল কাদের খন্দকারের সুযোগ্য পুত্র।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আইনি পদে অধিষ্ঠিত হয়ে তিনি মির্জাগঞ্জ উপজেলার প্রথম সন্তান হিসেবে বিরল এক গৌরবের স্মারক বহন করছেন।
সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বে জারি করা সকল নিয়োগ আদেশ বাতিলপূর্বক নতুনভাবে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘Bangladesh Law Officers Order, 1972’ (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নতুন নিয়োগ প্রদান করা হয়েছে।
পেশাগত সফলতার পাশাপাশি অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি ঢাকা কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি (ঢাকা)-র সহ-সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সংবাদ বাংলাদেশ’-এর আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সমিতি (ঢাকা)-র সদস্য-সচিব হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনেও অত্যন্ত মেধাবী এই আইনজ্ঞ দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি আইনবিদ্যায় উচ্চতর শিক্ষা গ্রহণ করে প্রথম শ্রেণিতে এলএলবি ও এলএলএম ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং সমাজের সর্বস্তরের মানুষকে আইনি সহায়তা প্রদানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

















