স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে ফেরার লড়াইয়ে আবারও ধাক্কা খেলেন মাহেন্দ্র সিং ধোনি। চোট কাটিয়ে ফেরার খুব কাছাকাছি থাকলেও একই পেশিতে নতুন করে আঘাত পাওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।
শুরুতে ধারণা করা হয়েছিল, পায়ের সমস্যার কারণে আসরের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাবে না চেন্নাই সুপার কিংস। তবে টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস পার হয়ে গেলেও দলের হয়ে এখনো একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। এরই মধ্যে চেন্নাই আটটি ম্যাচ খেলে ফেলেছে।
মার্চ থেকেই দলের সঙ্গে রয়েছেন ধোনি। অনুশীলন ম্যাচ ও নেটে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে তাকে। সবকিছু মিলিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তেই ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
কিন্তু একটি অনুশীলন ম্যাচে আবারও বিপত্তি ঘটে। আগে চোট পাওয়া পায়ের পেশিতেই নতুন করে আঘাত পান তিনি। রোববার গুজরাট টাইটেন্সের বিপক্ষে হারের পর ধোনির দেরিতে ফেরার কারণ ব্যাখ্যা করেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।
তিনি বলেন, ‘সে খেলার জন্য মুখিয়ে আছে। তবে পেশির চোট বেশ জটিল…যদি পেশি আবার ছিঁড়ে যায়, তাহলে সব সম্ভাবনাই শেষ হয়ে যাবে। শুরুর দিকে কিছুটা চেষ্টা করেছিলাম, কিন্তু আমার জানামতে প্রস্তুতি ম্যাচে সে আবারও চোট পেয়েছে। এরপর থেকে সে মুভমেন্ট স্বাভাবিক করার জন্য কঠোর পরিশ্রম করছে। কিন্তু আবারও চোট পাওয়ায় (তার ফিরতে) ভাবনার চেয়েও বেশি সময় লাগছে।’
ধোনিকে নিয়মিত নেটে ব্যাটিং করতে দেখা গেছে। তবে তিনি মূলত থ্রোডাউনে অনুশীলন করছেন। সম্প্রতি ফিজিওর সঙ্গে দৌড়াতেও দেখা গেছে তাকে। পাশাপাশি স্পিনারদের বিপক্ষে এবং ব্যাটিং কোচ মাইক হাসির থ্রোডাউনে ব্যাট করেছেন।
ফ্লেমিং আরও বলেন, ‘ফিজিওর সঙ্গে সে কঠোর পরিশ্রম করছে এবং পুনর্বাসনের সব কিছু করছে, আমরা কেবল সবুজ সংকেতের অপেক্ষায় আছি।’
গুজরাটের বিপক্ষে হারের পর পয়েন্ট টেবিলে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই। আগামী শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তারা।


















