নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগানের আল-আমিন রোডের একটি বাসায় এ ঘটনা।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপন থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে এসে রাতে কাঁঠালবাগানের আল-আমিন রোডে শ্বশুরের বাসায় ওঠেন তারা। রোববার সকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানচালক হৃদয় স্ত্রী ও সন্তানকে নিয়ে আলামিন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার সকাল নয়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে জামাতা শিপন এই ঘটনা ঘটান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


















