নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ।
ডিবি বলছে, সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ঘটনার আগের দিন দলটির সদস্যরা ওই এলাকা রেকি করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেভিড (২৭)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টুরোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
মো.শফিকুল ইসলাম বলেন, রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুটি পরিচয়পত্র/কার্ড উদ্ধার করা হয়।
ডিবি প্রধান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকা রেকি করে যায়।
তিনি বলেন, বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ছয় সদস্যের ওই ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন ডিবির এই কর্মকর্তা।


















