Monday , 19 October 2026 |
শিরোনাম:

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ত্রকাণ্ডে ইশরাকের পদত্যাগের ঘোষণা : বললেন ‘সিটি নির্বাচনে অংশ নেব, প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব’

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি, চ্যানেল আইয়ের ‘সেরা প্রতিবেদক ২০২৬’ জাহিদ হাসান

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি, চ্যানেল আইয়ের ‘সেরা প্রতিবেদক ২০২৬’ জাহিদ হাসান

প্রতিবেদক
Newsdesk
October 19, 2026 3:12 pm

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি:প্রকৃতি পরিবেশও জীববৈচিত্র্য সংরক্ষণের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন করেছেন নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসান। চ্যানেল আইয়ের

‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে
‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জেলা ও
তৃণমূল পর্যায়ের প্রকৃতি সাংবাদিকতায় এ ধরনের স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করছে।

গত ১৭ অক্টোবর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনের
ছাদবারান্দায় অনুষ্ঠিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে
দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের প্রকৃতি,
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক এবং চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত
মজুমদার বাবু সাংবাদিক জাহিদ হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড.
মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড.
ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের
এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই
অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং জয়েন্ট
অ্যাসাইনমেন্ট এডিটর (নিউজ) তারিকুল ইসলাম মাসুমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মাননাপত্রে বলা হয়, চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর
মধ্যে অসাধারণ প্রতিবেদন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার জেলা প্রতিনিধি জাহিদ
হাসানকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বস্তুনিষ্ঠ ও সৃজনশীল
প্রতিবেদনের মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের
ধারাবাহিকতা কামনা করা হয়।

তৃণমূলের সাংবাদিকতায় অনন্য স্বীকৃতি

রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের পাশাপাশি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে কর্মরত
সাংবাদিকেরাও প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নদ-নদী ও
হাওরের সংকট, বনভূমি ও বন্যপ্রাণীর অস্তিত্বের ঝুঁকি, কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তন
এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের নানা দিক তাঁদের
প্রতিবেদনে উঠে আসে। তবে মাঠপর্যায়ের এসব কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার
সুযোগ তুলনামূলকভাবে সীমিত।

এমন প্রেক্ষাপটে জাহিদ হাসানের এই অর্জন তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতার জন্য একটি
উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ে প্রকৃতি
সাংবাদিকতায় এ ধরনের সম্মাননা প্রদান এবারই প্রথম। ফলে এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত
সাফল্যের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহিত
করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকৃতির গল্প থেকে জাতীয় স্বীকৃতি

নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের
নানা দিক নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছেন জাহিদ হাসান। স্থানীয় পর্যায়ে প্রকৃতি ও
পরিবেশের পরিবর্তন, সংকট এবং সম্ভাবনার বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর
সাংবাদিকতার অন্যতম ক্ষেত্র।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি মানুষের
দায়িত্ববোধ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী
প্রতিবেদন একদিকে যেমন জনসচেতনতা বাড়ায়, অন্যদিকে তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ তৈরি করতে পারে।

চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ সেরা প্রতিবেদক হিসেবে জাহিদ হাসানের এই
সম্মাননা তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে
আরও দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা যায়।

প্রকৃতির পক্ষে কলম ধরা, পরিবেশের সংকট জনসমক্ষে তুলে ধরা এবং জীববৈচিত্র্য
সংরক্ষণে জনসচেতনতা তৈরির এই প্রচেষ্টায় জাহিদ হাসানের অর্জিত সম্মাননা নতুন
অনুপ্রেরণা হয়ে থাকুক।

সর্বশেষ - জেলার খবর