আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে হ্নীলার মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে।
মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-১৫। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।


















