আবদুল্লাহ আল মামুন—- সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ভর্তি করার পর বেড বরাদ্দ দেওয়ার নামে ২০০ টাকা এবং শিশুর চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে আরও ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আউটসোর্সিং কর্মচারী রবিউল ইসলামের বিরুদ্ধে।
এ ছাড়া রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা।
ভুক্তভোগী নাজমা খাতুনের অভিযোগ শ্যামনগর থেকে এসে তিনি তাঁর নবজাতক শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে বেড দেওয়ার কথা বলে রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ২০০ টাকা নেন। পরে শিশুর বুকে সর্দি জমেছে জানালে তা বের করে দেওয়ার কথা বলে আরও ১০০ টাকা নেন তিনি। নাজমা খাতুন বলেন রবিউল আমাদের বলেছেন তাঁদের কোনো বেতন দেওয়া হয় না। রোগীর স্বজনদের কাছ থেকে যা নেন তা দিয়েই তাঁদের চলতে হয়। একই ধরনের অভিযোগ করেছেন আশাশুনি থেকে আসা রোগীর স্বজন আজিজুল ইসলাম।
তিনি বলেন শিশু ওয়ার্ডে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে রবিউল ইসলাম টাকা নেন। টাকা দেওয়া নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণও করেন। শিশু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বললে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
তবে আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো. সালমান হোসেন। তিনি বলেন আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেওয়া হয়। এভাবে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা তথ্য প্রমাণসহ প্রতিবেদন তৈরি করে পরিচালক স্যারকে অবহিত করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন আপনার কিছু বলার থাকলে কর্তৃপক্ষকে জানান। আমরা যা করি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করি।
সরকারি হাসপাতালে রোগীর বেড বরাদ্দ ও চিকিৎসাসেবা পাওয়ার জন্য নির্ধারিত নিয়মের বাইরে অর্থ নেওয়ার অভিযোগ জনস্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে নবজাতক ও শিশুদের চিকিৎসা নিতে আসা অসহায় পরিবারের কাছ থেকে এ ধরনের অর্থ আদায়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ভুক্তভোগীদের দাবি অভিযোগের সত্যতা যাচাই করে হাসপাতাল কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
একই সঙ্গে শিশু ওয়ার্ডে রোগীদের বেড বরাদ্দ এবং বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে অর্থ লেনদেনের বিষয়টি বন্ধের দাবী জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার কুদরতি খোদার কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


















