মোঃ পন্ডিত হোসেন, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা ও সামারি ট্রায়ালের পৃথক অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার পাঁচজন, ডাকাতির প্রস্তুতি মামলার তিনজন এবং সামারি ট্রায়ালের দুইজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নুর হোসেন (২৭), মোঃ মকবুল হোসেন (৫৬), মোঃ মোশারফ হোসেন (৫৪), মোঃ নয়ন (২৮) ও আনামত উল্লাহ (৩৪)।
ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আবুল কালাম (২৮), মোঃ জাহিদ (২৪) ও মোঃ কবির (২৯)।
এ ছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তামিম (২০) ও রাসেল মিয়া (৪৫)কে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

















