কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামুর মিঠাছড়িতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।আহতরা হলেন— রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং তাদের এক শিশুসন্তান। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানালেন, দুর্ঘটনায় অটোরিকশা চালকের অসাবধানতা ছিল।

















