Monday , 23 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাত বছরেও নির্মাণ হয়নি সড়ক, ৭ গ্রামের ভরসা ৭০০ ফুটের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

প্রতিবেদক
Newsdesk
November 23, 2026 12:52 am

সাতক্ষীরার আশাশুনিতে কয়েক হাজার মানুষের দুর্ভোগ, বর্ষায় বাড়ে দুর্ঘটনার শঙ্কা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ৭০০ ফুট অংশ সাত বছর আগে বিলীন হয়ে গেলেও আজও নির্মিত হয়নি স্থায়ী সড়ক। ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে একটি অস্থায়ী বাঁশের সাঁকো। ঝুঁকিপূর্ণ এই সাঁকো পার হয়েই প্রতিদিন চলাচল করছেন সাত গ্রামের কয়েক হাজার মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ ও অসুস্থ রোগী—কেউই এই দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন না।

স্থানীয়দের কাছে সাত বছর ধরে এই পথ যেন এক দীর্ঘ দুর্ভোগের নাম। বর্ষা মৌসুমে সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়লে পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ বছরের পর বছর ধরে স্থায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়ে এলেও এখনো কার্যকর সমাধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে বিলীন হয়ে যায়। প্রায় ৭০০ ফুট সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। প্রথম দিকে নৌকায় পারাপার করে চলাচল করতে হতো এলাকাবাসীকে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হলে কোনো রকমে যোগাযোগ চালু হয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেই অস্থায়ী ব্যবস্থাই এখনো টিকে আছে।

কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ আশপাশের সাত গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ এটি। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাইস্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা, ফুলতলা ও তালতলা বাজারে যাতায়াতের অন্যতম যোগাযোগমাধ্যমও এই সড়ক।

নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও বাজারে যাতায়াতের জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত স্থায়ী সড়ক নির্মাণ করা প্রয়োজন।

আম্ফানে বসতভিটা হারানোর স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় স্থানীয় বাসিন্দা রানুফা খাতুনকে। তিনি বলেন, আম্ফানের সময় মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁদের ৭৬ শতক ভিটাবাড়ি পানিতে বিলীন হয়ে যায়। জীবন বাঁচাতে প্রায় ১১ মাস সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে হয়েছিল। সেই দুর্যোগের কষ্ট সহ্য করলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। তাঁর ভাষায়, ‘আমরা অনেক কষ্ট সহ্য করেছি। কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে? ভালো একটি রাস্তা না থাকায় তাদের স্কুল-কলেজে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। এক বছর আগে চেয়ারম্যান একটি বাঁশের সাঁকো করে দিয়েছেন। সামনের বর্ষায় সেটি টিকবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। আমরা চাই, আমাদের সন্তানরা নিরাপদ সড়ক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারুক।’

খালেক গাজী নামে আরেক বাসিন্দা বলেন, সাত বছর ধরে তাঁরা শুধু আশ্বাসই শুনছেন। একসময় সাঁকো না থাকায় নৌকায় পারাপার করতে হতো। ছেলেমেয়েদের মক্তবে পাঠাতেও প্রতিদিন জনপ্রতি ১০ টাকা করে নৌকা ভাড়া দিতে হয়েছে। স্কুলে যাতায়াতেও একইভাবে টাকা খরচ করতে হয়েছে। এখন বাঁশের সাঁকো থাকলেও যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বড় কোনো দুর্যোগ দেখা দিলে স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার পথ নিয়েও আতঙ্কে থাকতে হয়।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো পিচ্ছিল হয়ে ওঠে। শিশু ও বয়স্কদের চলাচলে তখন ঝুঁকি আরও বেড়ে যায়। সাঁকো পার হতে গিয়ে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। জরুরি প্রয়োজনে রোগী কিংবা ভারী মালামাল বহন করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এ বিষয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট সড়ক বিলীন হয়ে গেছে। সেখানে মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। তবে এই সাঁকো দিয়ে চলাচলে মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সাত গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন। আগে এটি হিয়ারিং বাঁধের সড়ক ছিল। এখানে কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। মানুষের দুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি নির্মাণে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পাশের একটি সড়ক জলোচ্ছ্বাসে ধুয়ে গিয়ে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এলজিইডির বাজেট স্বল্পতার কারণে তখন স্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রায় ৭০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকোটি নষ্ট হয়ে গেলে স্থানীয়ভাবে চাহিদা জানানো হলে ভবিষ্যতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হতে পারে। ওই স্থানে অনেক গভীর খাদের সৃষ্টি হয়েছে। মাটি ভরাট করতে বিপুল অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

সাত বছর ধরে একটি অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে জীবনযাপন করছেন সাত গ্রামের মানুষ। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ জনপদের যোগাযোগব্যবস্থা কি বছরের পর বছর এভাবেই অস্থায়ী সাঁকোর ওপর নির্ভরশীল থাকবে? তাঁদের দাবি, আশ্বাস নয়, এবার প্রয়োজন কার্যকর উদ্যোগ। দ্রুত সড়কটি পুনর্নির্মাণ করে সাত গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

সর্বশেষ - জেলার খবর