অপরাধচিত্র ডেস্ক:
ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন অবস্থায় একটি ছোট আকৃতির ব্যক্তির কাঁধে বসা সোনার ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। এ খবর নিউজউইকের।
ডেনমার্কের শিল্পী ইয়েন্স গালশিওটের তৈরি ২৩ ক্যারেট সোনার এই ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘দ্য অরেঞ্জ প্লেগ’। ভাস্কর্যটির উচ্চতা ২ দশমিক ৬ মিটার বা প্রায় ৮ দশমিক ৫ ফুট।
ভাস্কর্যটির নিচে একটি বার্তা লেখা রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি যেকোনো কিছু করতে পারি। শুধু তার পিঠ থেকে নামা ছাড়া।—অন্যায়ের রাজা।’
গালশিওট তার ওয়েবসাইটে বলেন, ‘ট্রাম্প নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। এমন ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে আমাদের অবশ্যই অবস্থান নিতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে।’
ভাস্কর্যটি আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হবে। এরপর আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এটি নেওয়া হবে।
এর আগে গত নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ জাতিসংঘ জলবায়ু সম্মেলনেও ভাস্কর্যটি প্রদর্শন করা হয়েছিল। ২০২৬ সালে এটি জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন, যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ডেনমার্কের রেবিল্ড উৎসব এবং কোপেনহেগেনে অনুষ্ঠিত ‘হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড’ বিক্ষোভেও প্রদর্শিত হয়েছে।

















