Friday , 2 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কক্সবাজার-২ আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
Newsdesk
January 2, 2026 9:54 pm

কক্সবাজার প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা এই দুজনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।

একই আসনে বৈধ ঘোষিত ৫ জন প্রার্থী হলেন- বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, খেলাফত মজলিসের ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মো. মাহমুদুল করিম।

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জেলার খবর