অপরাধচিত্র প্রতিনিধি (নওগাঁ) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ক্ষমতাসীন দলের নেতারা বাইরে মাদকের বিরুদ্ধে কথা বললেও রাতের বেলা মাদকের ব্যবসার লাভের টাকা ভাগ করে নেন। এভাবেই তারা দেশের তরুণ ও যুবসমাজের হৃৎপিণ্ডকে কুরে কুরে খাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে সর্বোচ্চ প্রয়াস চালাব।
১৪ জুলাই সোমবার সন্ধ্যায় নওগাঁর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ধামইরহাট উপজেলা শাখা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠানে সারজিস আলম এসব কথা বলেন।
পথসভার পূর্বে ধামইরহাট বাজারের নিমতলী মোড় থেকে একটি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়। পদযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমাইতাড়া বাজারে গিয়ে মিলিত হয়। এ সময় দলীয় সমর্থক ও স্থানীয়দের উপস্থিতিতে ‘ইনকিলাব, ইনকিলাব’ ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
বিএনপিকে ইঙ্গিত করে সারজিস আলম বলেন, তারা বাইরে শিক্ষার উন্নয়ন নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, অথচ প্রতিটি স্কুলে গিয়ে দলের সবচেয়ে অযোগ্য ও চাটুকার লোকটিকে বিদ্যালয়ের সভাপতি বানানোর জন্য হেন নোংরামি নেই যা করেন না। এভাবেই তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। এই অসুস্থ রাজনীতির কারণে আমরা তাদের পেছনে থেকে রাজনীতি করতে পারি না।
আলমগীর হোসেন আরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীকে ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সারজিস আলম। এ সময় তিনি বলেন, জুলাইয়ের আদর্শকে আমরা এখনো পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। আগামী নির্বাচনে ঘুষখোর, দুর্নীতিবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিদের সঠিক দায়িত্বে বসাতে না পারলে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব হবে না।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে আরও বলেন, এ কারণেই আমরা একজন যোগ্য ব্যক্তিকে আপনাদের মাঝে রেখে গেলাম। আগামী পৌরসভা নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদের সহযোগিতা করবেন।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, উপজেলা এনসিপির আহ্বায়ক রবিউল ইসলাম এবং সদস্য সচিব আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

















