অপরাধচিত্র প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের একটি ক্যাম্পের শৌচাগার থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
০৮ আগস্ট শনিবার সকাল ৮টার দিকে ক্যাম্পের শৌচাগারের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। পরে সহকর্মীরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারের কাছে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের সদস্যরা গিয়ে রুবেল হোসেনকে মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শৌচাগারের দরজা কেটে ভেতর থেকে রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, একটি টর্চ লাইট, গোসলের তোয়ালে ও সিগারেট জব্দ করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

















