চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় এক জেলে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দুই দফায় সশস্ত্র হামলা, হত্যাচেষ্টা, মারধর এবং টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় গতকাল সোমবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী সুর্য্যধন দাশ (সজীব) গত ১১ আগস্ট বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
থানা সূত্রে জানা গেছে, মামলাটি ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৮৭, ৫০৬ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে বাবুল দাশ, স্বপন দাশ, রাখাল দাশ, চন্দ্র হরি দাশ, আপনা দাশ, রুবেল দাশ, রতন দাশ, শ্যান লাল দাশ, নির্মল দাশ ও কৃঞ্চ দাশের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সবার ঠিকানা সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরের দেলিপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উত্তর ছলিমপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১ নম্ব র দাগে বাদীর মৎস্য ব্যবসাপ্রতিষ্ঠান ও সংলগ্ন চায়ের দোকানে দুই দফায় হামলার ঘটনা ঘটে।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় গত ২৭ মে সকাল সাড়ে ১০টার দিকে বাবুল দাশের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক আসামি বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে কর্মচারী অমিত দাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং তিনটি সেলাই দিতে হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সময় প্রদীপ দাশের ওপর রামদা দিয়ে হামলা চালানো হলে তা প্রতিহত করতে গিয়ে তাঁর ডান হাতের কবজিতে গুরুতর কাটা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাদীর মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ ছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে মাছ বিক্রির নগদ ৮১ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এজাহারে দ্বিতীয় দফা হামলার অভিযোগ করা হয়েছে গত ৬ আগস্ট। ওই দিন বিকেল ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় সংঘবদ্ধ হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় চাঁদার টাকা না দেওয়ায় বাদীকে গলা টিপে হত্যার চেষ্টা এবং দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা চলে যাওয়ার সময় বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং লাশ গুম করার ভয় দেখান বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী সুর্য্যধন দাশ।
সীতাকুণ্ড থানার এক কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


















