এহসান উল্লাহ, উখিয়া (কক্সবাজার) থেকে :
-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে গড়ে উঠেছে পাহাড়ি বিভিন্ন প্রজাতির টাটকা ফলের বাজার। সড়ক দিয়ে টেকনাফের দিকে যাতায়াতের সময় পথের পাশে দেখা যায় রাশি রাশি পাকা বাংলা কলা, পাহাড়ি মারফা, চীনার, আমলকি, পেয়ারা, আনার, পেঁপে, জলফাই ও আনারকলিসহ নানা ধরনের ফলমূল। টাটকা এসব ফলের আকর্ষণে অনেক পর্যটক গাড়ি থামিয়ে পছন্দের ফল কিনছেন।
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রূপপতী গ্রামের টেকব্রিজ এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব পাহাড়ি ফলের বেচাকেনা। বাঁশের তৈরি অস্থায়ী দোকানে সাজিয়ে রাখা হয় পাহাড় থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ফল। কোথাও ঝুলছে পাকা কলার ছড়া, আবার কোথাও সাজানো রয়েছে মারফা, চিনার, আমলকি, পেয়ারা, আনার, পেঁপে ও জলফাই। স্থানীয়রা জানান, আশপাশের পাহাড়ি এলাকার কৃষকেরা বিভিন্ন ধরনের ফলের চাষ করেন। মৌসুম অনুযায়ী গাছ থেকে সংগ্রহ করা ফল স্থানীয় ব্যবসায়ীরা কিনে মেরিন ড্রাইভের পাশের বাজারে এনে বিক্রি করেন। গাছপাকা ও তুলনামূলক টাটকা হওয়ায় এসব ফলের প্রতি পর্যটকদের আগ্রহও বেশি।
ঢাকা থেকে মেরিন ড্রাইভে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, মেরিন ড্রাইভের পাশে এমন টাটকা পাহাড়ি ফলের বাজার তাদের বেশ আকৃষ্ট করেছে। গাড়ি থামিয়ে কেউ পছন্দের ফল কিনছেন, আবার কেউ বাজারেই ফলের স্বাদ নিচ্ছেন। বিশেষ করে গাছপাকা বাংলা কলা, পাহাড়ি মারফা, আমলকি ও জলফাই তাদের কাছে বেশ ভালো লেগেছে। পরিবারের জন্যও অনেকে এসব টাটকা ফল কিনে নিয়ে যাচ্ছেন ঢাকায়।
স্থানীয় ফল বিক্রেতারা বলেন, পর্যটকের সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ফলের বিক্রিও বেড়ে যায়। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফল বাজারে আসে। স্থানীয় কৃষকদের উৎপাদিত এসব ফল বিক্রির মাধ্যমে একদিকে পর্যটকেরা টাটকা পাহাড়ি ফলের স্বাদ পাচ্ছেন, অন্যদিকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন।
শুক্রবার ছুটির দিনে মেরিন ড্রাইভে ঘুরতে এসে সাংবাদিক জাফর আলম বলেন, এখানে বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফল খেয়ে বেশ ভালো লেগেছে। বিশেষ করে গাছপাকা বাংলা কলা, পাহাড়ি মারফা, আমলকি, পেয়ারা, আনার, পেঁপে ও জলফাই, সবগুলোই বেশ টাটকা ও সুস্বাদু। ঢাকা কিংবা দেশের বিভিন্ন স্থান থেকে যারা কক্সবাজারে বেড়াতে আসেন, তাদের জন্য মেরিন ড্রাইভের পাশে এমন ফ্রেশ পাহাড়ি ফলের বাজার নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ। পর্যটকেরা চাইলে এখানে থেমে টাটকা ফল খেতে পারেন।
স্থানীয়দের মতে, মেরিন ড্রাইভের পাশে গড়ে ওঠা এই পাহাড়ি ফলের বাজার পর্যটকদের জন্য নতুন এক আকর্ষণ হয়ে উঠেছে। কক্সবাজার থেকে টেকনাফে যাতায়াতের পথে টাটকা পাহাড়ি ফল কেনার সুযোগ থাকায় প্রতিদিনই বাজারটিতে ভিড় করছেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা।


















