নিজস্ব প্রতিবেদক :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। পাশাপাশি আমানতের মুনাফা থেকে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ সালে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে ১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন এ সুবিধা দেওয়া হচ্ছে।
নতুন ব্যবস্থার আওতায় ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে চলমান স্কিমে থাকা নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সুবিধাটি চালু করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুনাফায় থাকবে না কোনো কর্তন
অন্যদিকে, আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংসদে অর্থমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
তবে এ বিষয়ে অনেক গ্রাহকের মধ্যে এখনো অস্পষ্টতা রয়েছে। তাই প্রত্যেক আমানতকারীর মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গভর্নর।
বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরানোর তাগিদও দেওয়া হয়। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটির সব ধরনের স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















