নিজস্ব প্রতিবেদক :
কয়েক দিনের টানা বৃষ্টি ও সরবরাহের ঘাটতিতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি এখন ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
সবজির পাশাপাশি বেড়েছে মুরগির ডিমের দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ২০ টাকা বেড়েছে; আর বিভিন্ন ধরনের মাছ ও মুরগির দাম আগে থেকেই বাড়তি রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির চিত্র দেখা গেছে।
বৃষ্টিতে পরিবহনসংকটের কারণে বাজারে এখন সবজির সরবরাহ কম। এই প্রাকৃতিক সংকটের সুযোগে অনেক ব্যবসায়ী আবার অতিরিক্ত দাম হাঁকছেন। এ ছাড়া ডিমের সরবরাহ কম থাকায় এই পণ্যের দাম বেড়েছে।
এক সপ্তাহ আগের তুলনায় বেশির ভাগ সবজির দামই কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ৬০ টাকা পর্যন্তও বেড়েছে। যেমন কয়েক দিন আগের ৬০ থেকে ৮০ টাকা কেজির হাইব্রিড শসা এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়; আর দেশি শসা কিনতে গুনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা।
একই চিত্র দেখা গেছে বেগুন ও করলার ক্ষেত্রেও। ৮০ টাকা কেজির বেগুন ও করলা এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় আর বরবটি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গার মতো সবজি গত সপ্তাহে ৬০-৮০ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, তবে বাজারে উল্টো চিত্র দেখা গেছে পেঁপে ও টমেটোর দামে। ৩০ টাকা কেজির পেঁপে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়; আর আমদানি বেড়ে যাওয়ায় ২৪০ টাকা কেজির টমেটোর দাম কমে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৮০ টাকায়। এ ছাড়া পেঁয়াজ ৪০ ও আলু ২৫ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।
সবজির পাশাপাশি বেড়েছে মুরগির ডিমের দামও। এক সপ্তাহ আগে প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ছিল ১২০ টাকা। গতকাল প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৪০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা, সোনালি মুরগি ৩৪০–৩৫০ টাকা ও হাইব্রিড ধরনের সোনালি মুরগি ৩১০–৩২০ টাকায় বিক্রি হয়েছে।


















