নিজস্ব প্রতিবেদক :
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন খাইরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমরীন খাইরুল ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন।
এ অনুযায়ী আমরীন খাইরুলকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।


















