নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘মক্কা প্যাক্ট বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কিছু নেই। আমন্ত্রণ পেলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে গত ৭ আগস্ট মক্কা চুক্তি স্বাক্ষর করেছে। এতে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কী হবে?’
জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘এই প্যাক্ট তিন দেশের মধ্যে হয়েছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি, কারণ এটি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করেন, তবে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’
তার আগে এর ভালোমন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা।’

















