অপরাধচিত্র প্রতিনিধি (ঠাকুরগাঁও): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মাদক বিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটা ছাড়া আমার মতে, বিকল্প কোনো উপায় নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।
২৮ জুলাই মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি সেই পদক্ষেপের ফলে কিছুটা ইতিবাচক উন্নতি হবে অবশ্যই। আমরা চাই, এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন। মূল কাজ হচ্ছে প্রচার করা যে, মাদক খারাপ জিনিস। মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।


















