Wednesday , 18 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে অসুস্থ হাতিকে ড্রোনে দুর্গম পাহাড়ে অবস্থান শনাক্ত: অজ্ঞান করে দেবে চিকিৎসা

প্রতিবেদক
Newsdesk
November 18, 2026 9:56 am

জাফর আলম, কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। এর আগে ভোর থেকে কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কয়েক ঘণ্টার অভিযান। দুর্গম পাহাড়ে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। অবশেষে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে অসুস্থ স্ত্রী হাতির অবস্থান শনাক্ত করেছে বন বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) হাতিটিকে ট্রাঙ্কুলাইজ (অজ্ঞান) করে চিকিৎসা দেয়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের।আহত সঙ্গীকে ছেড়ে যায়নি পুরুষ হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার কখনো ধীরগতিতে চলা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে টেকনাফের পাহাড়ে বন্য হাতি দুটির এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক এলাকায় সোমবার ভোরে হাতি দুটিকে দেখা যায়।

স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে, উঠে গেছে চামড়াও। ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না হাতিটি। পরে হাতি দুটি পাহাড়ের ভেতরে চলে যায়।আহত হাতিটির খবর পেয়ে উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় অভিযান। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় শিলখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এতে অংশ নেন বনকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা।দুর্গম পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করতে ড্রোন ব্যবহার করা হয়।

কয়েকটি দলে ভাগ হয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালান বনকর্মীরা। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর বিকেল ৩টার দিকে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে পাহাড়ের গভীরে অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ৫টা থেকে বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুরুষ হাতিটির সন্ধান পাওয়া গেলেও অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না।

পরে দীর্ঘ তল্লাশির পর বিকেল ৩টার দিকে পাহাড়ের ভেতরে হাতিটির অবস্থান পাওয়া যায়।তিনি আরও বলেন, হাতিটি পাহাড়ের দুর্গম ও গভীর এলাকায় অবস্থান করায় মঙ্গলবার শুধু তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে ভেটেরিনারি সার্জন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল উপস্থিত থেকে হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। বুধবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার চেষ্টা করা হবে।

চিকিৎসার মাধ্যমে আঘাত ও অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানসহ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য নেয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।

সর্বশেষ - জেলার খবর