অপরাধচিত্র প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে শনাক্ত করে আটক করেন তারা। পরে তাকে ঘিরে ধরে কয়েকজন নেতাকর্মী মারধর করেন বলে জানা গেছে। একপর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। এ সময় উপস্থিত কয়েকজন নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। তিনি আরও দাবি করেন, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় সোহাগ জড়িত ছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

















