অপরাধিচত্র প্রতিনিধি (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ তহিরা খাতুনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী রবগুল হোসাইন।
২ অক্টোবর শুক্রবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক রবগুল হোসাইন কোটচাদপুর ইকরা গ্রামের আজিজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩-১৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে পার্শ্ববর্তী কোটচাদপুর উপজেলার জালালপুর গ্রামের তহিরা খাতুনকে বিয়ে করেন। এরপর থেকে আজিজুর রহমান মোবাইলের মাধ্যমে তহিরা খাতুনকে নিজের স্ত্রী বলে দাবি করে আসছিলেন। ঘটনার রাতে মাইক্রোবাসযোগে অস্ত্র হাতে অভিযুক্ত আজিজুর রহমান তাদের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিলে রবগুলের পরিবারের সদস্য বাইরে বেরিয়ে আসে। পরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এ সময় আজিজুরকে চিনে ফেলে ঘরের দরজা বন্ধ করে দেন তহিরা খাতুন। পরে অভিযুক্তরা লাথি মেরে দরজা খুলে জোরপূর্বক তহিরাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান।
মহেশপুর থানার আজাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।


















