Saturday , 25 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

প্রতিবেদক
Newsdesk
April 25, 2026 6:14 pm

কুমিল্লা প্রতিনিধি :

তিন দিনের রিমান্ড ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। আজ দুপুরে বিচারক আব্দুল্লাহ আমানের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে।

পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পায় পুলিশ।

আদালত থেকে জানা যায়, মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালত থেকে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা ৬ এপ্রিল আদালতে হাজির হয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য অনুমতি চান। পরে বিচারক তা মঞ্জুর করেন।

এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাত তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন বলে জানা গেছে।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শুরুতে থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি।

প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

সর্বশেষ - রাজনীতি