Tuesday , 8 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যা, বিচারে মায়ের আকুতি

প্রতিবেদক
Newsdesk
September 8, 2026 7:23 pm

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে নেত্রকোনায় সংঘর্ষে কলেজশিক্ষার্থী ফয়সাল আহমেদ (১৯) নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা দাবি করেছেন তাঁর মা লিজা আক্তার। একই সঙ্গে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
​সোমবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এসব দাবি ও অভিযোগ জানান লিজা আক্তার। নিহত ফয়সাল নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
​সংবাদ সম্মেলনে লিজা আক্তার অভিযোগ করেন, তাঁর ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে আসামিরা মামলা তুলে নিতে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, অথচ পুলিশ রহস্যজনক কারণে তাঁদের গ্রেপ্তার করছে না।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত পৌনে ১২টার দিকে বাবনিকোনা সংসদ বাজার এলাকায় ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল এবং তাঁর বন্ধুদের সঙ্গে একই গ্রামের মাসুম মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জেরে মাসুম তাঁর পরিবারের লোকজনকে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ফয়সালদের ওপর হামলা চালান।
​হামলায় ফয়সাল আহমেদ, তাঁর চাচা সাদেকুল ইসলাম, চাচাতো ভাই রবিন মিয়া ও সৌরভ মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফয়সাল ও সাদেকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।
​এ ঘটনায় নিহত ফয়সালের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মো. মিলন মিয়া, মো. কামরুল ইসলাম ও জুয়েল মিয়াসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মিলন মিয়া ও মো. শাহজাহান মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
​নিহতের পরিবার জানায়, চিকিৎসার পর আহত ব্যক্তিরা সুস্থ হলেও অন্য আসামিরা পলাতক না থেকে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, নিহতের স্বজন মো. মাসুদ মিয়া, রবিন মিয়া, লিপি আক্তার, উজ্জ্বল মিয়া ও ইমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
​অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্তদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
​এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজশিক্ষার্থী ফয়সাল নিহত হয়েছেন। এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত