পিরোজপুর প্রতিনিধি :
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করা হবে। পাটখাতে বৈচিত্র্য এনে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছে।
শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় এই সোনালি আঁশের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাটখাত অনেকটাই পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালু এবং এ খাতে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন দপ্তরে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে পাট ও চটের ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চলছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির কাজও করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সময়কাল এখনও কম হলেও স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আনার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাট ও পাটবীজের উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


















