নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।’ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে। গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে। গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেওয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়।’
নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।’
সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করার অভিযোগ করে তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে, যার ফলে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।


















