নিজস্ব প্রতিবেদক :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারির পর দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকেও। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আগমন ও বহির্গমন– সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। অস্বাভাবিক কোনো কিছু দেখামাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
বেবিচকের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঝে মাঝে এই নিরাপত্তা ব্যবস্থা নেই। তিনি জানান, যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না– সেগুলোকেও রাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।
















